জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৮:৫৭:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৮:৫৭:৩৪ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় কাসেম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে পীরেরগাঁও গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের সুলফির আঘাতে ঘটনাস্থলেই মতিউর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আরো কমপক্ষে ৫ জন আহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন এবং অন্য আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নুর হোসেন জানান, এ সংঘর্ষের ঘটনায় মতিউর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় কাশেম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে এখনও থানায় মামলা দায়ের হয়নি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com