ভ্রাম্যমাণ আদালতের অভিযান আড়াই লাখ টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৮:৩৮:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৮:৩৮:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ৬ জনকে মোট ২ লাখ ৫৯ হাজার ১০০ টাকা অর্থদণ্ড ও একজনকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় লক্ষাধিক টাকার অননুমোদিত বেকারি পণ্য জব্দ করা হয়। বুধবার (২৮ অক্টোবর) এসব অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার উকিলপাড়া ও কাজীর পয়েন্ট এলাকায় কয়েকটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী তিনটি মামলা দায়ের করে তিনজনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন সুনামগঞ্জ সদরে একটি বেকারি ও অননুমোদিত বেকারি পণ্য সরবরাহকারীর দোকানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় একটি মামলায় এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অননুমোদিত পণ্য সরবরাহের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরেকটি মামলায় এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় লক্ষাধিক টাকার অননুমোদিত পণ্য জব্দ করা হয়। অন্যদিকে, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে এলপিজি গ্যাসের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুত করে রাখার দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জগন্নাথপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন। মাদকদ্রব্য সেবনের দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে ১০০ টাকা জরিমানা ও ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com