স্টাফ রিপোর্টার ::
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ২০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জেই মারা গেছেন ৭৪ জন। বিভাগে মৃত্যুর সংখ্যার দিক থেকে সুনামগঞ্জ দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সর্বশেষ গত ২ নভেম্বর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে তিন বছর বয়সী সুনামগঞ্জ সদর এলাকার এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বাড়ল।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের ৪ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৮। এর মধ্যে সুনামগঞ্জে ৩৫৭ জন, সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ১৮১ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন শনাক্ত হয়েছেন।
এদিকে বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৪৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২০৭ জনের মধ্যে সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৭৪ জন, হবিগঞ্জে ৩৩ জন এবং মৌলভীবাজারে ১৭ জন রয়েছেন।