উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১০:০৯:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:১১:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
শিশু-কিশোরদের মুঠোফোন ও ঘরবন্দি জীবন থেকে মাঠমুখী করা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার লক্ষ্য নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় খুলনা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ৬৪টি জেলায় একযোগে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এর অংশ হিসেবে সুনামগঞ্জে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক দুটি স্থানে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অন্যদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনূর আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা। দেশব্যাপী একই সময়ে এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়াঙ্গনে স¤পৃক্ত করার উদ্যোগকে স্থানীয় পর্যায়েও তুলে ধরা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com