স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়পাড়া ও পশ্চিম তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. আতাউল গণি ওরফে রুবেল (৩৪), মাহিদুল ইসলাম তাহরিম (১৯) ও মো. মাজেদুল ইসলাম তানজির (১৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অঞ্জন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পৃথক দুটি স্থানে অভিযান চালায়। এ সময় আতাউল গণি ওরফে রুবেলের হেফাজত থেকে ১০০ বোতল এবং অপর দুইজনের হেফাজত থেকে ৪৯ বোতলসহ মোট ১৪৯ বোতল (১৪ হাজার ৯০০ মিলিলিটার) ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা ফেন্সিডিল ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৫ হাজার টাকা।
অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মো. কামাল হোসেন, এসআই মাসুদ আহমদ, এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মোহাম্মদ রৌশন আলী, এএসআই ইসমাইল হোসেন, এএসআই মো. খাদেমুল ইসলামসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।