স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অনূর্ধ্ব-১৪ বয়সী শিক্ষার্থীদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিশ্বম্ভরপুর থানা পুকুর প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ অর্থবছরের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে।
জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্যা ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আশিকুর রহমান আশিক ও সদস্য মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার, সুনামগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী মদিনা আক্তার, স্থানীয় সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দক্ষ সাঁতারু তৈরি এবং পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশ্বম্ভরপুর উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাব থেকে আসা ৭০ জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রাথমিকভাবে ৩০ জনকে বাছাই করা হয়। পরে তাদের অংশগ্রহণে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।