স্টাফ রিপোর্টার ::
গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে গতিশীল, কার্যকর ও শক্তিশালী করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই গণতান্ত্রিক চর্চা শুরু করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দেবে। তাই সংবিধান, গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাষ্ট্র পরিচালনা স¤পর্কে তাদের সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।
সোমবার (৯ নভেম্বর) সুনামগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে কলেজের হলরুমে ‘বাংলাদেশে সাংবিধানিক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা : একটি সমালোচনামূলক বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কাশেম আজাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমরান হাসান চৌধুরী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেটের মুরারিচাঁদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আসিরুল হক।
এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আব্দুল হালিম এবং কলেজ শিক্ষক পরিষদের স¤পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুর রকিব।
বক্তারা বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও কার্যকর রাখতে শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা যথেষ্ট নয়; নাগরিকদেরও সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে। ভোটাধিকার প্রয়োগ, জুলাই সনদ সম্পর্কে জনসচেতনতা এবং সরকারের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। একই সঙ্গে সংবিধানের সমৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
তারা আরও বলেন, গণতন্ত্র কেবল ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে জবাবদিহি, আইনের শাসন, নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধ। এসব মূল্যবোধ ধারণ করতে শিক্ষার্থীদের সংবিধান ও গণতন্ত্র বিষয়ে নিয়মিত পড়াশোনা করতে হবে।
বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আগে শিক্ষাঙ্গন থেকেই গণতান্ত্রিক মূল্যবোধ ও চর্চার বিকাশ ঘটাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাধীনভাবে মতপ্রকাশ, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করা জরুরি। এর মধ্য দিয়েই দায়িত্বশীল ও সচেতন নাগরিক গড়ে উঠবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ড. মানস কান্তি বিশ্বাস, সহযোগী অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক ড. রোকসানা পারভীন চৌধুরী, সহযোগী অধ্যাপক ইভা রায়, ইনার উদ্দিন ফাহিম, মৌলা মজুমদার এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হকসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।