স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রিতে অনিয়ম, পণ্যের মোড়কে অসংগতি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানাধীন উকিলপাড়া মহল্লা এলাকায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
এসআরবি-৯-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রি, পণ্যের মোড়কে অনিয়ম এবং নির্ধারিত স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করায় আল আরাফাহ বেকারির মালিক কামরুল হাসান মুন্নাকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক মিন্টু দেবকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৫৩ ধারায় ১ লাখ টাকা এবং ওমর উসমান ফ্রুট অ্যান্ড ফ্রুট এজেন্সির মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপদ খাদ্য আইন অনুযায়ী নিবন্ধন ছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রি এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্যের নির্ধারিত পরিমাণ, গুণগত মান ও মূল্যতালিকা-সংক্রান্ত বিধান লঙ্ঘনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। জনস্বার্থ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।