জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০১:৪৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০১:৪৭:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিজমা ও চলাচলের বিরোধকে কেন্দ্র করে সংঘটিত জোড়া হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের পানিউন্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের জামাল হোসেনের ছেলে সুহেল মিয়া (২০) এবং একই গ্রামের মৃত আছির উল্লাহর ছেলে রোকন মিয়া (২৪)। এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দীর্ঘদিন ধরে জমিজমা, সরকারি খাসজমিতে গবাদিপশু চরানো এবং বসতবাড়ির সামনের সরকারি রাস্তা দিয়ে চলাচলকে কেন্দ্র করে পীরেরগাঁও গ্রামের মতিউর রহমান (৪৮) ও মজিবুর রহমানের (৪১) পরিবারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা তাঁদের পরিবারের সদস্যদের খাসজমিতে গবাদিপশু চরানো এবং বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচলে বিভিন্ন সময় বাধা দিতেন। এই বিরোধের মধ্যেই ঘটনার দুই দিন আগে মতিউর রহমানের ভাতিজা আলমগীরের সঙ্গে মামলার ৬ নম্বর আসামি আলী মিয়ার হাওরের পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে গত ২৭ অক্টোবর সকালে ঘটে রক্তক্ষয়ী হামলার ঘটনা। মামলার বিবরণ ও এসআরবি-৯ এর তথ্য অনুযায়ী, ওই দিন সকাল আনুমানিক ৯টার দিকে মতিউর রহমান গবাদিপশু চরানোর উদ্দেশ্যে মাঠে যাওয়ার পথে জগন্নাথপুর থানার সৈয়দপুর শাহারপাড়া এলাকায় আব্দুল হামিদের বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় পৌঁছালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাঁর পথরোধ করেন। এ সময় মামলার ১ নম্বর আসামি আবুল কাসেম ও ২ নম্বর আসামি বাবুল মিয়ার নির্দেশে অন্য অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে মতিউর রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁকে রক্ষা করতে তাঁর ভাই আতাউর রহমান, চাচাতো ভাই মজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতাউর রহমান ও মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে মজিবুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় মতিউর রহমানের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০২, ৩০৭, ১১৪, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টা ৪৫ মিনিটে এসআরবি-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউন্দা এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার এজাহারনামীয় ৪ ও ১৪ নম্বর আসামি সুহেল মিয়া ও রোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৭ নভেম্বর একই মামলার এজাহারনামীয় আরও একজন আসামিকে গ্রেপ্তার করে এসআরবি-৯। মঙ্গলবার গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরাধ দমন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com