মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৫:৪৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৫:৪৮:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC), জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের একটি দল সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাইমদ এবং ১০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াস)সহ মানিক চাঁন রবিদাশ (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। ​আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা কার্যালয়ের উপপরিচালক মো: আবুল হোসেনের দিকনির্দেশনায় এ সফল অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ নভেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ১১:৩০ মিনিট থেকে ১২ টা পর্যন্ত সুনামগঞ্জ সদর মডেল থানাধীন গৌরারং ইউনিয়নের নলোয়ারপাড় গ্রামস্থ জনৈক মানিক চাঁন রবিদাশের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দখলীয় দক্ষিণ দুয়ারী সেমিপাকা দুই কক্ষবিশিষ্ট বসতঘরের মাঝখানের কক্ষের শয়ন খাটের নিচ থেকে তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুইটি প্লাস্টিকের বোতলের প্রতিটিতে ৫ লিটার করে মোট ১০ (দশ) লিটার চোলাইমদ। দুইটি প্লাস্টিকের বোতলের প্রতিটিতে ৫ লিটার করে মোট ১০ (দশ) লিটার চোলাইমদ তৈরির নিষিদ্ধ উপকরণ (ওয়াস)। উদ্ধারকৃত এসব অবৈধ মাদক ও উপকরণের আনুমানিক বাজারমূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা। গ্রেপ্তারকৃত আসামির পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধৃত মানিক চাঁন রবিদাশ মৃত বুধুয়া রাম রবিদাশ ও মৃত শেফালী রবি দাশের পুত্র। তিনি সুনামগঞ্জ সদর থানাধীন গৌরারং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নলোয়ারপাড় গ্রামের স্থায়ী বাসিন্দা। ​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপ-পরিদর্শক মো: আতাউর রহমান সজীব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং ২৪(ক) ও ৩৭ ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com