দোয়ারাবাজারে খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৯:৩৪:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৯:৩৪:৫৪ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে সরকারি খাসজমিতে অবৈধভাবে গড়ে ওঠা পোল্ট্রি ফার্ম উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মানবিক বিবেচনায় ফার্মে থাকা ডিমপাড়া মুরগীগুলো তাৎক্ষণিকভাবে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করেছে উপজেলা ভূমি প্রশাসন। পাশাপাশি আগামী এক দিনের মধ্যে ঘরের টিনসহ অন্যান্য মালামাল নিজেদের খরচে সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন সংশ্লিষ্টরা। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার জিনারী মৌজার এসএ ৯৮ নম্বর খতিয়ানের ৫৭২ নম্বর দাগে ৪ দশমিক ৮০ একর জমি সরকারি খাসজমি হিসেবে আরএস রেকর্ডভুক্ত রয়েছে। ওই জমিতে পুকুর খনন ও পোল্ট্রি ফার্ম নির্মাণ করে ভোগদখলে থাকার অভিযোগে মো. আতাউর রহমানের বিরুদ্ধে সরেজমিন তদন্তের পর জমি উদ্ধারে উদ্যোগ নেয় উপজেলা ভূমি প্রশাসন। এ ঘটনায় সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদের সুপারিশে মানবিক দিক বিবেচনায় ফার্মে থাকা জীবিত ডিমপাড়া মুরগিগুলো সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্টরা একদিনের মধ্যে পোল্ট্রি ফার্মের ঘরের টিন ও অন্যান্য মালামাল নিজেদের উদ্যোগে সরিয়ে নেওয়ার দায়িত্ব নেন। এ সময় স্থাপনাটি সিলগালা করে দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম বলেন, খাস খতিয়ানভুক্ত জমি সরকারের দখলে নেওয়া হয়েছে। পোল্ট্রি ফার্মের স্থাপনাগুলো সংশ্লিষ্টরা নিজেদের খরচে দ্রুত সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। স্থাপনা থেকে জীবিত ডিমপাড়া মুরগি সরিয়ে নেওয়ার জন্য তাদের চাওয়া সময় দেওয়া হয়েছে এবং স্থাপনাটি সিলগালা করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com