অসহায় কৃষক, হতাশায় শুরু বোরো মৌসুম, প্রণোদনা না থাকায় ক্ষোভ

এক মণ ধানের দামে এক কেজি বীজ

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০২:১৭:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০২:২২:৪০ পূর্বাহ্ন
বিশ্বজিত রায়::
ধানের বাজার মন্দা পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বোরো মৌসুম। বোরো আবাদের খরচ যোগাতে কৃষক মণপ্রতি ৬০০-৭০০ টাকা দরে ধান বিক্রি করতে চাইলেও ক্রেতা মিলছে না হাওরাঞ্চলে। খরিদদারের পিছু হেঁটে এ দরেই ধান বিক্রি করছেন অনেকে। তাতে ভালো জাতের এক কেজি বীজ কিনতে এক মণ ধানের দাম চলে যাচ্ছে। ধানের ন্যায্য মূল্য ও সরকারি প্রণোদনা, কোনটাই পাচ্ছে না কৃষক। এতে করে বোরো আবাদ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কৃষক ও হাওর আন্দোলনের নেতাদের ভাষ্য, বোরো ভাণ্ডারখ্যাত সুনামগঞ্জের মানুষ একফসলী এ ফলনের উপর নির্ভরশীল। গেল বোরো মৌসুম ভালো যায়নি কৃষকের। হাওর এলাকায় এখনও গত বছরের ‘ফলনমড়া’ রেশ রয়ে গেছে। কম দামেও ধান বিক্রি করতে পারছে না কৃষক। যেখানে এক কেজি ভালো জাতের বীজের দাম ৬০০ টাকা, সেখানে এক মণ ধান বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়। মৌসুমের শুরুতে এ অবস্থার সৃষ্টি হওয়ায় হাওরাঞ্চলের মানুষ চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজিনপুর গ্রামের মো. মুহিবুর রহমান একজন মধ্যম সারির কৃষক। তাঁর ভাষ্য, এ বছর নিজের ২৭ কিয়ার (৩০ শতকে কিয়ার) জমি চাষ করবেন। গত বছর এ জমি চাষ করে ধান পেয়েছেন ২৫০ মণ। ফলন ঘরে তোলা পর্যন্ত খরচ হয়েছিল ১ লাখ ৯০ হাজার টাকা। ক্ষয়ক্ষতি না হলে ৪৫০ মণ ধান পাওয়ার আশা ছিল তাঁর। ৯০০ টাকা মণ দরে ভালো রঙের ৫০ মণ ধান বিক্রি করলেও বাকি ধান একটু কালচে (জন্ডিস) হওয়ায় পাইকার দাম বলে ৬০০-৭০০ টাকা। এতে খরচের টাকা উঠবে না বলে জানিয়েছেন তিনি।
‘কৃষকের মাথায় পুষ্কুনি দেওয়া হইতাছে’ উল্লেখ করে মুহিবুর রহমান বলেন, বীজ কিনছি তিন জাতের। ব্রি-২৯ ধান ১০ কেজির বস্তা ৬০০ টাকা, জনকরাজ ৪০০ টাকা কইরা ৪ কেজি, জিরাশাইল কিনছি ৪ কেজি ৫০০ টাকা কইরা। মিতালী-২ বিক্রি হইতাছে ৬০০-৬৫০ টাকা কেজি। এত টাকা খরচের পর ধানের দাম নাই। এক মণ ধান এক কেজির সমান হইলেও সরকারি সাহায্য (প্রণোদনা) এখনও পাইছি না।
বীজের বাজার দর জানতে চাইলে তাহিরপুর বাজারের বীজ ডিলার সামায়ুন কবির জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বেশকিছু বীজধান বাজারে এসেছে। এর মধ্যে তাহিরপুরে সর্বোচ্চ বিক্রি হয়েছে ব্রি-৬৭ ও ২৮। এ বীজের সরকারি দাম ১০ কেজির বস্তা ৬৩০ টাকা। বিএডিসি নির্ধারিত ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হাইব্রিড ব্রি-৮ ধান। এছাড়া সিনডেন্টা কোম্পানীর ১২০৩ ধান ৪৬০ টাকা, ব্র্যাকের শক্তি-২ বীজ ৪৬০ টাকা এবং ন্যাশনাল এগ্রিকেয়ার লি. এর জনকরাজ ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
 হতাশা প্রকাশ করে সামায়ুন কবির বলেন, তাহিরপুর উপজেলা সদরের দু’পাশে জেলার বৃহত্তম শনি ও মাটিয়ান হাওরের অবস্থান। এ দুই হাওরে প্রচুর বোরো আবাদ হয়। কিন্তু ধানের দাম কম থাকায় বোরো চাষে কৃষকের মনে আনন্দ নেই। এক মণ ধানের দাম ও এক কেজি বীজের দাম প্রায় সমান। বিগত বছরগুলোতে এ সময় বীজ ধানের বাজারে ঈদের আমেজ ছিল। এ বছর তেমনটা নেই। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার ছোট-বড় ১৩৭টি হাওরে ২ লক্ষ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো আবাদ হবে। গতবার আবাদ হয়েছিল ২ লক্ষ ২৩ হাজার ৫১১ হেক্টর। গত বছরের তুলনায় বোরো আবাদ কিছুটা কমেছে। গেলবার উৎপাদন হয়েছিল ৮ লক্ষ ৫৬ হাজার ৯৪৪ দশমিক ১২ মেট্রিক টন চাল। এ বছর উৎপাদন লক্ষমাত্রা ও কৃষক সংখ্যা এখনও নির্ধারণ করতে পারেনি কৃষি বিভাগ। জামালগঞ্জের হালি হাওর পারের হাওড়িয়া আলীপুর গ্রামের বড় কৃষক মো. আয়না মিয়া। এ বছর প্রায় ১৫ হালের (১২ কিয়ারে এক হাল) মতো জমি আবাদ করবেন তিনি। বিএডিসি ৯২ ও ৬৭ জাতের ৬০০ টাকা দরে ১০ কেজির বীজ ধানের বস্তা এনেছেন ৫০টি। ১৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিভিন্ন জাতের বীজ ধানও কিনেছেন। তবে ৬০০-৭০০ টাকা কেজি দরের বীজ ধান থাকলেও তিনি তা নেননি। ধানের দাম ও চাষাবাদের খরচে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সর্বোচ্চ ভালো ধান ৮০০ টাকা। একটু দুর্বল ধান ৬০০-৭০০ টাকা। এক মণ ধানের দামে যদি এক কেজি বীজ কিনতে হয়, তাহলে বোরো আবাদ কতটুকু লাভের? এর মাঝে সরকারি প্রণোদনা নাই। সবদিকেই সর্বস্বান্ত কৃষক।
হাওর বাঁচাও আন্দোলনের সুনামগঞ্জ জেলা সভাপতি মো. ইয়াকুব বখত বাহলুল বলেন, গত মৌসুম জলে, চলতি মৌসুম খরায়। এর মাঝে ধানের দাম নেই। এক মণের দাম দিয়ে এক বস্তা বীজও কেনা সম্ভব হচ্ছে না। প্রণোদনাও নেই। সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রিতেও বাঁধা নিয়ম-নীতি। এতে সংশ্লিষ্ট দপ্তরের অসাধু চক্রের সহযোগিতায় লাভবান মধ্যস্বত্বভোগীরা। কৃষক বাঁচাতে সরকারের টেকসই উদ্যোগ প্রয়োজন।
সুনামগঞ্জ খাদ্য নিয়ন্ত্রক ফেরদৌস জাহান জানিয়েছেন, পুরো আমন মৌসুমে জেলায় আগামী রবিবার থেকে ১ হাজার ৪৪০ টাকা মণ দরে ৩ হাজার ৬৬৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। গত বোরো মৌসুমে ২০ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছিল। সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম চলবে। প্রণোদনা পাইনি, পেলেও কমসংখ্যক কৃষক এই সুবিধা পাবে উল্লেখ করে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, যে বীজে ফলন ভালো, তার দাম বেশিই হবে। এক মণ ধান ও এক কেজি বীজের দাম সমান, এ বীজ দেশে উৎপাদিত হয় না। এটা বিদেশ থেকে আসে। এতে কৃষি বিভাগের কিছু করার নেই। নির্ধারিত মূল্যের চেয়ে কেউ বেশি দাম নিলে আমরা ব্যবস্থা নিব।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com