স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে গেছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার উল্লাসনগর এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি বিল্লালের বসতঘরের পূর্ব পাশের উঠানে অভিযান পরিচালনা করে। এ সময় তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে হযরত আলী (১৯) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় মো. বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মো. জলিল (৩৮) পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়।
ডিবি পুলিশের এএসআই খাদেমুল ইসলামের নেতৃত্বে অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খানসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক তিনজনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।