স্টাফ রিপোর্টার ::
ছাতকে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুকন মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে গেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কৈতক এলাকায় এ অভিযান চালানো হয়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের এসআই দেবাশীষ শর্মা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সন্দেহজনক পিকআপে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং রুকন মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এ সময় তার অপর দুই সহযোগী তাজ উদ্দিন (৩৩) ও শিপন মিয়া (৩০) পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার রুকন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ছাতক থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।