শান্তিগঞ্জ প্রতিনিধি ::
দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে একাডেমিক ভবনের সামনে এ র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) এর উপ-উপাচার্য ডিন, বিজ্ঞান অনুষদ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর, এসএসটিইউ, চেয়ারম্যান, গণিত বিভাগ অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) এর পদার্থবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. মারুফ চাঁদ প্রমুখ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার মাধ্যমে কোনোভাবেই সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হতে দেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।