স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলায় গত ১১ বছরে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩২ দশমিক ১৪ শতাংশ। বর্তমানে জেলায় অর্থনৈতিক ইউনিট রয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৩১টি। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৬০ জন। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০১৩ সালে সুনামগঞ্জে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৮৮ হাজার ২৬১টি। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৩১টিতে। বর্তমানে জেলায় ৫৪ হাজার ৯৫৩টি স্থায়ী প্রতিষ্ঠান, ৬ হাজার ১২৫টি অস্থায়ী প্রতিষ্ঠান এবং ৪৫ হাজার ৫৫৩টি অর্থনৈতিক খানা রয়েছে।
জেলার অর্থনৈতিক ইউনিটগুলোতে কর্মরত ২ লাখ ২৭ হাজার ৬৬০ জনের মধ্যে স্থায়ী জনবল ১ লাখ ৬০ হাজার ৫৩৮, অস্থায়ী ৭ হাজার ৫৮২ এবং অর্থনৈতিক খানায় নিয়োজিত ৫৯ হাজার ৫৪০ জন। জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী, জেলায় বৃহৎ শিল্প ২৬টি, মাঝারি ১৬২টি, ক্ষুদ্র ৩ হাজার ৪৬৮টি, মাইক্রো ৭০ হাজার ৯৪৫টি এবং কুটির শিল্প রয়েছে ৪২ হাজার ৩৬টি।
সেমিনারে জানানো হয়, ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী, দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। ১১ বছরে জাতীয় পর্যায়ে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ। দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অর্থনৈতিক শুমারির তথ্য ও ফলাফল নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মুশফিকুর রহমান পারভেজ।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক জাহেদ হাসান এবং বাসসের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক। এ সময় সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ শামসুল হক, জেলা স্কাউটের সভাপতি শেখ নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র জানা যায়। এসব তথ্য শিল্প ও ব্যবসা খাতের উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে আরও জানানো হয়, দেশের মোট অর্থনৈতিক ইউনিটের ৯০ দশমিক ০২ শতাংশ সেবা খাতের এবং ৯ দশমিক ৯৮ শতাংশ শিল্প খাতের অন্তর্ভুক্ত। এর মধ্যে পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত খাতের অংশ সর্বোচ্চ ৪১ দশমিক ৮২ শতাংশ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএসবিআর জরিপের গুরুত্ব তুলে ধরে মুশফিকুর রহমান পারভেজ বলেন, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের নির্ভুল তালিকা তৈরি, নিয়মিত হালনাগাদ এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য এ জরিপ পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে ব্যবসায়িক ফোরাম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের সহযোগিতা কামনা করেন তিনি।