শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শান্তিগঞ্জে পিএফজি’র মতবিনিময়

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:০১:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:০১:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ সভার আয়োজন করে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় আয়োজিত সভায় রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশ নেন। পিস অ্যাম্বাসেডর সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং পিস অ্যাম্বাসেডর লিটন মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, ইউপি সদস্য ছয়ফুজ্জামান, হাবিবুর রহমান, নাছিমা বেগম, জহুরা বেগম ও তয়বুন নেছা। সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। স্বাগত বক্তব্যে কুদরত পাশা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মুক্ত ও মানবিক সমাজ এবং রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহাবস্থান নিশ্চিত করা, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা সমাধানে পিএফজি কাজ করে যাচ্ছে। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন বলেন, ইউনিয়ন পরিষদে এমন একটি সভার আয়োজন করায় পিএফজিকে ধন্যবাদ জানাই। শান্তিগঞ্জে পিএফজির উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। যারা ভালো কাজের জন্য মাঠে কাজ করেন, তাদের উদ্যোগে সমাজ ও দেশ উপকৃত হয়। তিনি বলেন, আজকের এ আয়োজন ছোট পরিসরে হলেও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়কলস ইউনিয়নের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে সহিংসতার বিরুদ্ধে। আশা করি, আগামী নির্বাচনে আমার ইউনিয়নে কোনো ধরনের সহিংসতা হবে না। ভোটাররা যাকে নির্বাচিত করবেন, সবাই তা মেনে নেবেন। যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন তরুণদের নিয়ন্ত্রণে। নির্বাচনকে সামনে রেখে তরুণরা ভোটারদের সচেতন করবেন। এমন কোনো পোস্ট দেওয়া যাবে না, যা নির্বাচন ও সমাজের জন্য ক্ষতিকর। আমরা সবাই ঘোষণা করছি, জয়কলস ইউনিয়নের নির্বাচনে কোনো সহিংসতা হতে দেব না। শান্তি ও সম্প্রীতির এ উদ্যোগকে স্বাগত জানাই। উপজেলার অন্য ইউনিয়নগুলোতেও এ ধরনের সভা আয়োজনের আহ্বান জানাই। সভায় বক্তব্য দেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন আক্তার, সৈয়দ আলম, মতিউর রহমান, সুরঞ্জিত চৌধুরী, জয়ন্ত তালুকদার। এ সময় পিএফজি ও ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে পিএফজি, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com