স্টাফ রিপোর্টার ::
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি খাতে বরাদ্দ বাড়ানো এবং জলবায়ু তহবিলে কৃষকদের ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সুনামগঞ্জের কৃষক ও সংগঠকরা। একই সঙ্গে ক্ষুদ্র কৃষকদের জন্য ঋণের পরিবর্তে অনুদান, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় কৃষকের মালিকানা এবং জলবায়ু নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের শাপলা উদ্যানে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা না আসার অভিযোগ তুলে দেশব্যাপী চলমান ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। হাউস, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডব্লিউজিইডি, ক্লিন, প্রাণ ও ফেড যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, কপ৩১-এর প্রথম দিন ৯ নভেম্বর ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও সেদিনের আলোচনায় কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা কিংবা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট। বিপরীতে এ খাত পাচ্ছে অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশও ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমেছে।
বক্তারা আরও বলেন, জলবায়ু সংকটের প্রভাব সরাসরি মোকাবিলা করতে হচ্ছে কৃষকদের। অথচ অভিযোজন ও ন্যায্য রূপান্তরের জন্য প্রয়োজনীয় অর্থায়নে কৃষি খাত যথাযথ গুরুত্ব পাচ্ছে না। কৃষিকে শুধু কার্বন নিঃসরণ কমানোর খাত হিসেবে বিবেচনা না করে খাদ্যের অধিকার, কৃষকের জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত বিষয় হিসেবে দেখতে হবে। স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিকে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
কর্মসূচি থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ; ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণের পরিবর্তে অনুদান হিসেবে অর্থ পৌঁছে দেওয়া; কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্বীকৃতি দেওয়া। পাশাপাশি সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের মালিকানা এবং সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধিদলেও কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।
কৃষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, ফেড সুনামগঞ্জের সহসভাপতি নুরুল হাসান আতাহের, নারীনেত্রী শিল্পী বেগম, তৃষ্ণা আক্তার রুশনা, রিনা বেগম, কৃষক নেতা শরীফ আহমদ, কর্ণ বাবু দাস প্রমুখ।