স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পান্ডব মজুমদার (৬৪) নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে সনত মজুমদার ও সুশীল দাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক পক্ষের আহতরা হলেন- পান্ডব মজুমদার (৬৪), জুয়েল মজুমদার (৩২), রাজীব মজুমদার (৩০), হিমেল মজুমদার (২২), প্রভাষিণী মজুমদার (৫৫), নিরাশা মজুমদার (৪০) ও বাসনা মজুমদার (৪০)। অন্যপক্ষের আহতরা হলেন- সুকুমার দাস (২৯) ও সুশীল দাস (৫৫)। এ ছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে প্রণব মজুমদারও আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত পান্ডব মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।