তালিকা প্রকাশ

সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৯:৫০:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৯:৫০:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দেশব্যাপী পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতেও ধাপে ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে জেলার চারটি উপজেলার ২৪টি ইউনিয়নে আগামী ২১ জানুয়ারি ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে জেলার আরও আটটি উপজেলার ইউনিয়নগুলোতে ভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপভিত্তিক তালিকা প্রকাশ করা হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির পূর্বঘোষিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল এবং চতুর্থ ধাপের ভোট ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। প্রথম ধাপে সুনামগঞ্জের যেসব ইউনিয়নে ভোট : প্রথম ধাপে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী, কুরবাননগর, গৌরারং, মোল্লাপাড়া, মোহনপুর, জাহাঙ্গীরনগর, কাঠইর, সুরমা ও রঙ্গারচর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ, ধনপুর, সলুকাবাদ, ফতেপুর ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন এবং তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর, বালিজুরী, বাদাঘাট, শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর ও বড়দল দক্ষিণ ইউনিয়ন রয়েছে এ ধাপে। এছাড়া মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর, বংশীকুন্ডা দক্ষিণ ও চামরদানী ইউনিয়নেও প্রথম ধাপে ভোট হবে। দ্বিতীয় ধাপে যেসব ইউনিয়নে ভোট : দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি জামালগঞ্জ, দিরাই, শাল্লা ও ধর্মপাশা উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর, জামালগঞ্জ উত্তর, ফেনারবাঁক, ভীমখালি, সাচনাবাজার ও বেহেলী ইউনিয়নে ভোট হবে। দিরাই উপজেলার রফিনগর, ভাটিপাড়া, করিমপুর, তাড়ল, রাজানগর, চরনারচর, কুলঞ্জ, জগদল ও সরমঙ্গল ইউনিয়নও রয়েছে এ তালিকায়। শাল্লা উপজেলার আটগাঁও, শাল্লা, বাহাড়া ও হবিবপুর এবং ধর্মপাশা উপজেলার ধর্মপাশা, সেলবরষ, সুখাইড় রাজাপুর উত্তর, সুখাইড় রাজাপুর দক্ষিণ, জয়শ্রী ও পাইকুরাটি ইউনিয়নে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে যেসব ইউনিয়নে ভোট : তৃতীয় ধাপে ২৯ এপ্রিল জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, চিলাউড়া হলদিপুর, রাণীগঞ্জ, আশারকান্দি, সৈয়দপুর শাহারপাড়া, পাটলী, পাইলগাঁও ও মীরপুর ইউনিয়নে ভোট হবে। অন্যদিকে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক, পাথারিয়া, জয়কলস, পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও, পূর্ব পাগলা, পশ্চিম পাগলা ও দরগাপাশা ইউনিয়নে একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে যেসব ইউনিয়নে ভোট : চতুর্থ ধাপে আগামী ১৩ মে দোয়ারাবাজার ও ছাতক উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার, বাংলাবাজার, বোগলাবাজার, লক্ষ্মীপুর, নরসিংপুর, সুরমা, দোহালিয়া, মান্নারগাঁও ও পান্ডারগাঁও ইউনিয়নে ভোট হবে। ছাতক উপজেলার নোয়ারাই, সিংচাপইড়, ভাতগাঁও, ছাতক সদর, ইসলামপুর, কালারুকা, সৈদেরগাঁও-গোবিন্দগঞ্জ, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, ছৈলা আফজলাবাদ, চরমহল্লা, দোলারবাজার ও জাউয়াবাজার ইউনিয়ন রয়েছে চতুর্থ ধাপের তালিকায়। এর মধ্য দিয়ে সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com