ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) নতুন সভাপতি মনোনীত হয়েছেন অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু। এক বছরের জন্য গঠিত নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট নাজনীন বেগম ও অ্যাডভোকেট খলিল রহমান।
গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সনাকের মাসিক সভায় তাকে সভাপতি মনোনীত করা হয়।
সনাকের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি কানিজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বিশিষ্ট সমাজকর্মী নুরুর রব চৌধুরী, রুনা শাহীন আরা লেইস, এনামুল হক চৌধুরী, সঞ্চিতা চৌধুরী, সুখেন্দু সেন, হাছিনা আকতার চৌধুরী, অ্যাডভোকেট হেলিনা আখতার, রাজু আহমেদ, রীনা ঘোষ, দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস ও মো. আশরাফুজ্জামান বাবলু।
সভা সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমান। সভায় সনাকের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান কমিটির সদস্যরা।
সভায় শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু সুনামগঞ্জে টিআইবির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও গতিশীল ও কার্যকর করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি এ আন্দোলনে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। - সংবাদ বিজ্ঞপ্তি