স্টাফ রিপোর্টার ::
বর্ষায় অথৈ পানি, শুকনো মৌসুমে দুর্গম পথ, পরিবারের দারিদ্র্য, শিশুশ্রম আর বাল্যবিবাহ - সব মিলিয়ে সুনামগঞ্জের হাওরাঞ্চলের শিক্ষার্থীদের সামনে বাধার যেন শেষ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট, পাঠদানের দুর্বলতা, প্রশিক্ষণের অভাব এবং প্রশাসনিক তদারকির ঘাটতি। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও শিক্ষায় পিছিয়ে পড়ছে হাওরবেষ্টিত এ জনপদের নতুন প্রজন্ম। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সাম্প্রতিক পরীক্ষার ফলাফলও সেই সংকটেরই প্রতিফলন। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জে পাসের হার মাত্র ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪৬ জন। এই পরিস্থিতি থেকে উত্তরণে সাধারণ উন্নয়ন পরিকল্পনার পরিবর্তে হাওরের ভৌগোলিক ও আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বিশেষ শিক্ষা পরিকল্পনা গ্রহণের দাবি উঠেছে।
শনিবার (২১ নভেম্বর) সিলেট নগরের একটি কনভেনশন হলে ‘সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয়’ শীর্ষক সেমিনারে জেলার শিক্ষাব্যবস্থার এমন চিত্র উঠে আসে। সুনামগঞ্জ সমিতি, সিলেট আয়োজিত এ সেমিনারে জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নিয়ে শিক্ষার সংকটের কারণ এবং উত্তরণের পথ নিয়ে আলোচনা করেন।
সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, সুনামগঞ্জের শিক্ষার সংকট কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সামাজিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সমস্যা। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জেলার ১৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২৮৪ জন। পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। অথচ সিলেট শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫৩ দশমিক ৯০ শতাংশ এবং জাতীয় গড় ৫২ দশমিক ১২ শতাংশ। পুরো জেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪৬ জন। এর মধ্যে ছাত্র ১১ জন, ছাত্রী ৩৫ জন।
ফলাফলের আরেকটি উদ্বেগজনক দিক হলো ছেলেদের কম অংশগ্রহণ ও তুলনামূলক কম সাফল্য। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রের হার মাত্র ৩৮ দশমিক ১ শতাংশ। ছাত্রদের পাসের হার ৪৩ দশমিক ৩৮ শতাংশ, ছাত্রীদের ৪৭ দশমিক ৫৮ শতাংশ। চলতি বছরের এসএসসি পরীক্ষাতেও সিলেট শিক্ষা বোর্ডের মধ্যে সুনামগঞ্জের অবস্থান তলানিতে।
তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার পাঁচটি বিদ্যালয়ে ফোকাস গ্রুপ আলোচনা ও মূল তথ্যদাতার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি প্রবন্ধে শিক্ষার পিছিয়ে পড়ার কয়েকটি মৌলিক কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পারিবারিক দারিদ্র্য, শিশুশ্রম, বাল্যবিবাহ, অভিভাবকদের অসচেতনতা, শিক্ষক সংকট, শিক্ষকদের প্রশিক্ষণের অভাব, কর্তৃপক্ষের তদারকির ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ, দুর্গম যোগাযোগব্যবস্থা এবং তরুণদের মধ্যে মাদকাসক্তি।
বক্তারা মনে করেন, হাওরাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাজীবন অন্য অঞ্চলের শিক্ষার্থীদের মতো নয়। বর্ষায় নৌপথনির্ভর যোগাযোগ, প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যালয়ে যাতায়াতের অনিশ্চয়তা এবং পরিবারের আর্থিক সংকট তাদের নিয়মিত পড়াশোনায় বাধা সৃষ্টি করে। অনেক পরিবারে শিক্ষার চেয়ে জীবিকার প্রয়োজন বড় হয়ে ওঠে। ফলে শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে কাজে যুক্ত হয়। মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহও শিক্ষাজীবন শেষ হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
শিক্ষক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে ইংরেজি, গণিত ও তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকলে শিক্ষার্থীরা মৌলিক দক্ষতা অর্জনে পিছিয়ে পড়ে। আবার দুর্গম এলাকার বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি, নিয়মিত পাঠদান এবং শিক্ষার মান পর্যবেক্ষণের ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা রয়েছে। বক্তাদের মতে, এসব সমস্যা সমাধানে শুধু শিক্ষক নিয়োগ করলেই হবে না, শিক্ষকদের প্রশিক্ষণ, কর্মপরিবেশ ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে।
সেমিনারে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, সুনামগঞ্জের শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জেলার শিক্ষার বর্তমান চিত্র উদ্বেগজনক উল্লেখ করে তিনি শিক্ষক সংকট নিরসন ও হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আরেকটি সেমিনার আয়োজনের প্রস্তাব দিয়ে তিনি সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের বাসিন্দাদের নিজ নিজ এলাকায় শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, শিক্ষা সমাজের ভবিষ্যৎ গড়ার ভিত্তি। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের কার্যক্রমে নজরদারি বাড়াতে স্থানীয় প্রশাসন, শিক্ষক ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিজ এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
বিশিষ্ট রাজনীতিক নাসিম হোসাইন বলেন, শিক্ষার্থীদের পিছিয়ে পড়া কাটিয়ে তুলতে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা জরুরি। বিশেষ করে ইংরেজি, গণিত ও তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক সংকট দূর করতে শূন্যপদে জরুরি ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
অন্যান্য বক্তারা হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি চালু, শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ, শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত এবং জেলার সব উপজেলায় শিক্ষকদের জন্য হাওর ভাতা চালুর দাবি জানান। তাঁদের মতে, হাওরের প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনকারী শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা না থাকলে দুর্গম শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে নিয়মিত তদারকি জোরদার করতে হবে।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সেমিনার উপকমিটির আহ্বায়ক প্রফেসর মো. আব্দুল মান্নান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপকমিটির সদস্য সচিব কাসমির রেজা।
অধ্যাপক মো. দিলওয়ার হোসেন বাবর ও মো. মুস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মো. দিদার চৌধুরী।
এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট শিক্ষা বোর্ডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ, শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল হোসাইনি, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক মো. আবুল কাশেম আজাদ, অধ্যাপক ভূবননজয় আচার্য, অধ্যাপক মো. শামসুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, ড. মো. আব্দুল কাদির, প্রফেসর রজত কান্তি সোম, মহিউদ্দিন আহমদ, মো. জামশেদ আলী, প্রতাপ চৌধুরী, মো. ফয়জুল হক, ভাস্কর রঞ্জন দাস, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মো. আবু ইউসুফ, মো. খসরুল আলম, মো. আবুল কাশেম, সুধাংশু শেখর তালুকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, আহমদ আলী, মুদাচ্ছির আলম, সিদ্দিকুর রহমান, সৈয়দ বদরুল আলম, লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম, সৈয়দ নেছার আহমেদ, অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, মো. আব্দুল মুকিত, মো. আলী, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. আব্দুল হাই, মো. আবুল খায়ের, অধ্যাপক খসরুজ্জামান প্রমুখ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী উপস্থিত অতিথি ও সুধীজনদের ধন্যবাদ জানান। সেমিনারে উঠে আসা সুপারিশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।