স্টাফ রিপোর্টার ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টের আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহাদ জুয়েল, সদস্যসচিব জাহাঙ্গীর আলম এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট দীপংকর বণিক। এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসার স্বপ্ন কখনো পূরণ হবে না। আমরা চাই, আপনারা আসুন। আপনাদের সঙ্গে আমাদের অনেক হিসাব-নিকাশ বাকি রয়েছে। সুতরাং জ্বালাও-পোড়াও না করে তারিখ ঘোষণা করুন, কবে কোথায় আসবেন। আপনাদের মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।
বক্তারা আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আগুন লীগে পরিণত হয়েছে। তারা আগুন-সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না। যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না।