কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৯:০৭:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৯:০৭:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি কাউছার ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গোপন সংবাদের ভিত্তিতে দিরাই উপজেলার চ-ীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাউছার জগন্নাথপুর উপজেলার আহমদাবাদ গ্রামের হারিছ উল্লাহর ছেলে। রোববার (২২ নভেম্বর) এসআরবি-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, ভুক্তভোগী কিশোরী জগন্নাথপুর উপজেলার বুরাইয়া এলাকার বাসিন্দা। তার বাবা একজন দিনমজুর এবং মা জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। অভিযুক্ত কাউছার সম্পর্কে কিশোরীর আপন চাচাতো ভাই। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কিশোরীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীর বাবা অভিযুক্তের পরিবারের সদস্যদের কাছে একাধিকবার অভিযোগ করেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে কাউছারকে তাদের বাড়িতে আসতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৬ জুলাই রাতে ভুক্তভোগীর বাবা পরিবারের এক সন্তানকে নিয়ে বিশ্বনাথ থানাধীন রায়েকশী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এ সময় পরিবারের অন্য সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১০টার দিকে সেই সুযোগে কাউছার ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার ভাইয়ের নাম ধরে ডাকেন। পরিচিতজন মনে করে কিশোরী দরজা খুলে দিলে তিনি ঘরে প্রবেশ করেন। এরপর কিশোরীর কক্ষে ঢুকে তার মুখ চেপে ধরে এবং গলা টিপে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে কিশোরীর কান্নাকাটির শব্দ শুনে তার ভাই ঘরে প্রবেশ করলে ভুক্তভোগী তাকে ঘটনাটি জানান। এ সময় তার ভাই কাউছারকে আটক করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে জানিয়েছে এসআরবি-৯। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি গত ৩০ সেপ্টেম্বর জগন্নাথপুর থানায় নথিভুক্ত হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং দ-বিধির ৫০৬(২) ধারায় দায়ের করা এ মামলার এক নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন কাউছার। মামলার পর থেকে পলাতক কাউছারকে আইনের আওতায় আনতে এসআরবি-৯ গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এসআরবি-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল দিরাই উপজেলার চ-ীপুর বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় দলটি। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউছার ইসলামকে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com