দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কিছু বলার সময় হয়েছে। সম্প্রতি বিভিন্ন জেলায় অরাজক পরিস্থিতির উদ্ভব হয়েছে যা দেশের মানুষ জানতে পেরেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন সপ্তাহ পেরিয়ে গেছে। এখন পর্যন্ত তা কূল-কিনারা হয়নি। ইতোমধ্যে বেশকিছু পোশাক প্রস্তুত কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। রাজপথে শ্রমিকদের আন্দোলন অব্যাহত আছে। ধারণা করা হচ্ছে এ পর্যন্ত মোট ৬২টি পোশাক প্রস্তুত কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দাবি মাসিক বেতন ৩২ হাজার টাকা। তবে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব প্রস্তুত করেছে যা উপস্থাপন করা হবে অচিরেই। শ্রমিকদের এই আন্দোলন অবশেষে কোথায় গিয়ে রূপ নেয় তা বুঝা যাচ্ছে না।
এরই মধ্যে মাদক কেনা-বেচা নিয়ে চলছে দ্বন্দ্ব। প্রায়ই এ নিয়ে হচ্ছে খুন-সংঘর্ষ। এক হিসেবে জানাযায়, দেশে মাদক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮২ লাখ। এই বিরাট অংকের মাদক ব্যবহারকারী ছড়িয়ে-ছিটিয়ে আছে দেশজুড়ে। এর বিরূপ প্রভাব পড়েছে সমাজে। শহর-গ্রাম ছেয়ে গেছে এই মাদক। এক তথ্যে জানাযায়, এর ব্যবহার ঢাকা, ময়মনসিংহ ও রংপুরে সবচেয়ে বেশি। মাদকের এই অপব্যবহারে বহু সংসার তছনছ হয়ে যাচ্ছে। অনেক উঠতি বয়সী ছেলেমেয়েদের জীবন অনিশ্চয়তায় পড়তে শুরু করেছে। অথচ এই মাদক নিয়ন্ত্রণের জন্য দেশে একটি অধিদপ্তর রয়েছে, যাতে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত থেকে প্রতি মাসে লক্ষ কোটি টাকা বেতন-ভাতা গ্রহণ করছেন। তাদের জবাবদিহিতা আছে বলে মনে হয় না। সংবাদপত্রের ভাষায় জানাযায় যে, দেশের সীমান্ত দিয়ে প্রতিদিনই ঢুকছে বিভিন্ন শ্রেণির নেশার দ্রব্য মাদক। অথচ সীমান্তে কর্তব্যরত রয়েছে বিজিবি। তাদের সতর্ক চোখ ফাঁকি দিয়ে কিভাবে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এই মাদক - তা কেউ বলতে পারছে না। মাঝে মধ্যে কিছু পাচারকারী ধরা পড়লেও তা যথেষ্ট নয়। ভয়ানক মাদক কারবার সমাজে কালো থাবা বিস্তার করে চলেছে। সরকার এর নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রে ব্যর্থ বলে অভিজ্ঞমহলের ধারণা। প্রশাসন এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।
চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাসচালক ও সহকারীর বিরুদ্ধে। রংপুরের তারাগঞ্জে মুকুল বসুনিয়া ও সাকিব বসুনিয়া নামে দুই জনের মৃত্যুর খবর জানাগেছে। পত্র-পত্রিকায় তাদের ছবি প্রকাশিত হয়েছে। এমন নৃশংসতার খবর আমরা প্রায় প্রতিদিনই পাই সংবাদপত্রের পাতায়। আবার চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের ঘটনাও ঘটেছে। সমাজে এমন নৈতিক অবক্ষয়ের ঘটনা একদিনে তৈরি হয়নি। দিনে দিনে তা তৈরি হয়েছে। মানুষের নৈতিক অবক্ষয় তা থেকে প্রমাণ করে পরিবারের অটুট বন্ধন এখন আর তেমন নেই। কথায় কথায় খুন যেন নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমাজ আজ কোন পথে এগিয়ে চলেছে তা অনুমান করতে কষ্ট হয় না।
রাজনীতি নিয়ে বলা যায় অনেক কথা। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করছে যা আইন-শৃঙ্খলার বিঘ্ন পরিস্থিতির উদ্ভব করছে। আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর দেশ পরিচালনা করেছে। এ নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ তিনটি নির্বাচন নিয়ে প্রচুর সমালোচনা আজও মানুষের মুখে মুখে। দেশে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। তৈরি হয়েছে ঋণখেলাপির সংস্কৃতি। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে চলে গেছেন ভারতে। তিনি এখনও সে দেশে আশ্রয়ে রয়েছেন। সম্প্রতি গোপালগঞ্জে লগি-বৈঠা, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল ও রাজপথে প্রকাশ্য মহড়া জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। টুঙ্গীপাড়ার পাটগাতি বাজারে বিএনপি নেতা ইমদাদুল হক মোল্লার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও মিডিয়াতে নাম প্রকাশ করা হয়নি। তবুও বুঝতে অসুবিধা হয় না কারা এই অগ্নিসংযোগ করেছে। আমরা দেখছি সরকার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দল অরাজকতা করলেও সরকারও কঠোর হবে।
এদিকে, দেশের অর্থনীতির চালচিত্র ভালো নয়। পোশাক কারখানা বন্ধ। বৈদেশিক মুদ্রা আসছে না প্রত্যাশা অনুযায়ী। বেকার হয়ে পড়ছে লক্ষ লক্ষ শ্রমিক। যা একটি দেশের জন্য সুখকর নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি নেই। সবমিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয় - একথা বলা যায় নির্বিঘ্নে।