চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০২:০২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০২:০৫:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
ব্যবসায়িক ধারণা আছে, কিন্তু পুঁজি নেই এমন সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সুনামগঞ্জে শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’ (UDYOG)। জেলার ১২টি উপজেলায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে দায়িত্ব পেয়েছে বিভিন্ন তফসিলি ব্যাংক। এ কর্মসূচিতে নির্বাচিত একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এর অর্ধেক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে দেওয়া হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সুনামগঞ্জের সম্মেলন কক্ষে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক এক সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সুনামগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. আবুল ফজলের সভাপতিত্বে এবং সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের পরিচালক নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক মো. এনামুল হক এবং সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস, সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নাজমুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার কর্মসূচির জেলা লিড ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির সুনামগঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখাপ্রধান সঞ্জয় কুমার দেব, বিভিন্ন উপজেলার দায়িত্বপ্রাপ্ত লিড ব্যাংকের ব্যবস্থাপক এবং সুনামগঞ্জ শহরে অবস্থিত বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকরা। সভায় জানানো হয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের সম্পৃক্ত করার পাশাপাশি উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক এ কর্মসূচি গ্রহণ করেছে। দেশের ৫৬ জেলার সব উপজেলায় ৫ হাজার নতুন উদ্যোক্তা খুঁজে বের করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শুধু ঋণ বিতরণ নয়, বরং প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করে তাঁদের ব্যবসায়িক উদ্যোগকে টেকসই পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলায় এ কর্মসূচির জেলা লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে সোনালী ব্যাংক পিএলসি। জেলার ১২টি উপজেলায় পৃথকভাবে নির্ধারিত লিড ব্যাংকগুলো উদ্যোক্তা অনুসন্ধান, আবেদন গ্রহণ, প্রাথমিক যাচাই বাছাই ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের দায়িত্ব পালন করবে। ফলে উপজেলা পর্যায়ের তরুণরা নিজ নিজ এলাকার ব্যাংকের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের প্রকৃত ব্যবসায়িক চাহিদা ও প্রস্তাবিত ব্যয়ের ভিত্তিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। অর্থায়নের ঋণ ও অনুদানের অনুপাত ৫০:৫০। অর্থাৎ ২০ লাখ টাকা অর্থায়ন পেলে উদ্যোক্তাকে ১০ লাখ টাকা ঋণ পরিশোধ করতে হবে এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। তবে ঋণের জন্য যোগ্য বিবেচিত হলেই কেবল অনুদান পাওয়ার সুযোগ থাকবে। এ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ঋণ প্রদানের ক্ষেত্রে সহায়ক জামানত ছাড়াও অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের ঋণনীতি ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অর্থায়ন দেওয়া হবে। তবে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অথবা অর্থের যথাযথ ব্যবহার না হলে বিতরণ করা অনুদানের সমপরিমাণ অর্থ ঋণে রূপান্তরিত হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য চাষ, পশুপালন, পর্যটন, সেবামূলক কার্যক্রম, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসহ দেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ সব ধরনের ব্যবসায়িক উদ্যোগ এ কর্মসূচির আওতায় বিবেচিত হবে। নির্বাচিত উদ্যোক্তাদের জন্য অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের ধারাবাহিক পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজার সংযোগ তৈরির সুযোগও থাকবে। অর্থাৎ ব্যবসা শুরু থেকে পরিচালনা ও বাজার সম্প্রসারণ পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। কর্মসূচিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আবেদনকারীর নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ বা বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকতে হবে। একজন আবেদনকারী এ কর্মসূচির আওতায় কেবল একটি উদ্যোগের জন্য আবেদন করতে পারবেন। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসা পরিচালনার জন্য ঋণ গ্রহণ করেছেন, এমন ব্যক্তি এ কর্মসূচির আওতায় বিবেচিত হবেন না। একইভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণখেলাপি হিসেবে প্রমাণিত হলে আবেদন বাতিল হবে। অসত্য তথ্য প্রদান কিংবা অন্যের ব্যবসায়িক ধারণা নিজের নামে ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে যেকোনো পর্যায়ে আবেদন বাতিলসহ কালো তালিকাভুক্ত করার বিধান রয়েছে। গত ১ নভেম্বর থেকে এ কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী তরুণরা যে উপজেলায় ব্যবসা পরিচালনা করতে চান, সেই উপজেলায় দায়িত্বপ্রাপ্ত লিড ব্যাংক অথবা যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত আবেদন ফরম জমা দিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd), এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। হাওরবেষ্টিত সুনামগঞ্জে কৃষি, মৎস্য, পশুপালন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও পর্যটন খাতে নতুন উদ্যোক্তা তৈরির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে স্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, মাছ সংরক্ষণ ও বিপণন, হাঁস-মুরগি পালন, দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং পর্যটনভিত্তিক সেবায় তরুণদের সম্পৃক্ত করা গেলে স্থানীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে। তবে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রকৃত উদ্যোক্তা নির্বাচন, সহজ শর্তে অর্থায়ন, সময়মতো ঋণ বিতরণ এবং পরবর্তী সময়ে ব্যাংকগুলোর কার্যকর তদারকি গুরুত্বপূর্ণ। শুধু কর্মসূচি ঘোষণা নয়, প্রত্যন্ত হাওর এলাকার যোগ্য তরুণদের কাছে তথ্য পৌঁছানো এবং আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করাও জরুরি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘উদ্যোগ’ কর্মসূচির মাধ্যমে সুনামগঞ্জের সম্ভাবনাময় তরুণরা ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নের সুযোগ পাবেন। এতে আত্মকর্মসংস্থানের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com