সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৩:৩৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৩:৪২:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
এবার জাতীয় পর্যায়ের একটি আয়োজন সুনামগঞ্জে করার সুযোগ এসেছে। এটি সুনামগঞ্জের জন্য বিশাল পাওয়া।’—এমন মন্তব্য করেছেন তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ড. মুহাম্মদ শাহানুর আলম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর উপলক্ষে দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন ‘কান্ট্রি গেমস ২০২৬’ সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ শাহানুর আলম বলেন, কুস্তি খেলার পাশাপাশি আরও কিছু আয়োজন থাকবে। এটি সুনামগঞ্জের জন্য বিশাল পাওয়া। জেলা প্রশাসকের নেতৃত্বে আয়োজনটি সুন্দর ও সফল হবে বলেই আমরা বিশ্বাস করি। তাঁর বক্তব্যে উঠে আসে, সুনামগঞ্জে জাতীয় পর্যায়ের এ আয়োজন শুধু একটি ক্রীড়া অনুষ্ঠান নয় বরং জেলার জন্য দেশীয় খেলাধুলা ও ঐতিহ্যকে বৃহত্তর পরিসরে তুলে ধরার একটি সুযোগ। কুস্তিসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে সেই সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসবেন, তা আমরা সবাই জানি। কান্ট্রি গেমস অর্থাৎ আমাদের দেশীয় খেলাধুলাগুলো ফিরিয়ে আনতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। আমরা সেই উদ্যোগ সফল করতে এবং ওইদিন দেশীয় খেলাধুলা উপভোগ করতে সবার সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রীকে দেশীয় সংস্কৃতি ও সংগীতের মাধ্যমে বরণ করার প্রস্তাব দেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই এলাকার জামাই। তাঁকে বরণ করতে ‘আইলারে নয়া দামান আসমানেরও তেরা’ গানটি কোনো একটি পরিবেশনায় যুক্ত করা যেতে পারে। স্থানীয় ছেলে-মেয়েরা সুন্দর পোশাকে গানটি পরিবেশন করলে আয়োজনটি আরও আকর্ষণীয় হবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণীও উপস্থিত থাকলে তিনি আরও আনন্দিত হবেন বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার। সভায় কান্ট্রি গেমস আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ক্রীড়া সংগঠক ও অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। খেলাধুলার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে যথাযথভাবে উপস্থাপনের বিষয়েও আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, এসআরবি-৯-এর এএসপি মো. রোকনুজ্জামান, সিলেট বিভাগীয় বিকেএসপির উপপরিচালক মো. শাহিনুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। এ ছাড়া সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা, বিএনপি নেতা নজরুল ইসলাম, অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ‘কান্ট্রি গেমস ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। কুস্তিসহ দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com