ঘরে-বাইরে অনলাইনেও নিরাপত্তাহীন নারী, আইন সংস্কার ও দ্রুত বিচারের দাবি

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৭:৩৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৭:৩৮:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
ঘরে-বাইরে কিংবা অনলাইনে কোথাও নারীর নিরাপত্তা নিশ্চিত নয়। ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতার পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার করে নারীদের অনলাইন নিপীড়ন ও চরিত্রহননের ঘটনাও উদ্বেগজনক হয়ে উঠছে। এ পরিস্থিতিতে নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, প্রচলিত আইনের সংস্কার, অপরাধীদের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সুনামগঞ্জের নারী অধিকারকর্মীরা। বিশেষ করে সম্মতি ছাড়া নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ, সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যৌন নিপীড়নমূলক ভুয়া ছবি ও ভিডিও তৈরির বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় রেজিয়া হোটেলের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। দুর্বার নেটওয়ার্ক সুনামগঞ্জ ও নারীপক্ষ এ কর্মসূচির আয়োজন করে। ‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্‌যাপন কমিটির জেলা প্রতিনিধি ফৌজি আরা বেগম, কলি তালুকদার আরতি, শীলা বসু, রূপালী সোম পম্পা, করিমুন্নেছা, শিল্পী বেগম, মনোয়ারা বেগম ও রানু বেগমসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নয়; এটি মানবাধিকার লঙ্ঘন। একজন নারী ঘরে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা অনলাইন মাধ্যমে কোথাও নিরাপদ না থাকলে প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। তাঁরা বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নারীর প্রতি সহিংসতার ধরনও পরিবর্তিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, সাইবার বুলিং, সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি-ভিডিও প্রকাশ এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া যৌন নিপীড়নমূলক কনটেন্ট তৈরি করে নারীদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত অভিযোগ গ্রহণ, তদন্ত, অপরাধী শনাক্ত এবং বিচার নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা প্রয়োজন। বক্তারা আরও বলেন, শুধু আইন প্রণয়ন করলেই নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না, প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো জরুরি। অপরাধীরা দ্রুত শাস্তির আওতায় না এলে অপরাধপ্রবণতা কমানো কঠিন। একই সঙ্গে নির্যাতনের শিকার নারীদের আইনি সহায়তা, নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহযোগিতা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতার পেছনে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, সামাজিক কুসংস্কার ও পুরুষতান্ত্রিক মানসিকতাকেও দায়ী করেন বক্তারা। তাঁরা বলেন, নির্যাতনের ঘটনায় অনেক সময় ভুক্তভোগীকেই সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ ও দোষারোপ করা হয়। এই প্রবণতা বন্ধ করতে হবে। অপরাধের দায় কখনোই ভুক্তভোগীর ওপর চাপিয়ে দেওয়া যায় না। বরং অপরাধীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধন থেকে জাতীয় সংসদ ও সরকারের প্রতি ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা এবং ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি নিপীড়ন প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়ন ও প্রচলিত আইনের প্রয়োজনীয় সংস্কারের দাবি জানানো হয়। পাশাপাশি অনলাইন সহিংসতা প্রতিরোধে কার্যকর নজরদারি, প্রযুক্তিগত অপরাধের দ্রুত তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা শুধু নারীদের অধিকার রক্ষার বিষয় নয়, এটি একটি মানবিক, বৈষম্যহীন ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার পূর্বশর্ত। ঘরে-বাইরে ও অনলাইনে নারীর প্রতি সহিংসতা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com