তাহিরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৬:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৬:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রতিমা রানী দাস (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ-তাহিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রতিমা রানী দাস জেলার মধ্যনগর উপজেলার সোনিপাড়া গ্রামের গোপাল চন্দ দাসের স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে দীপাল দাস (৩০) এবং তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দোমাল গ্রামের মোশাররফ হোসাইনের ছেলে মোটরসাইকেলচালক পাবেল হোসাইন (১৭)। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ দুর্ঘটনায় হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যনগর উপজেলা থেকে দুই যাত্রী নিয়ে মোটরসাইকেলটি তাহিরপুরের দিকে যাচ্ছিল। পথে শাহগঞ্জ গ্রাম থেকে একটি গরু হাওরের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালকসহ তিনজন গুরুতর আহত হন। সংঘর্ষে গরুটিও গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই প্রতিমা রানী দাসের মৃত্যু হয়। আহত অপর দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল এসিসটেন্ট ফয়েজ আহমদ নূরী জানান, গুরুতর আহত এক নারীসহ দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ওই নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com