‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৫:৫২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৫:৫৩:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে মোবাশ্বির (২৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনার পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন মারুফ (১৮)। ‎ ‎নিহত মোবাশ্বির ও নিখোঁজ মারুফ জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাসিন্দা। ‎
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার সময় চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোবাশ্বির ও মারুফ নিখোঁজ হন। নৌকাটিতে প্রায় ৭৫০ ফুট বালু বোঝাই ছিল। ‎ ‎দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ ও থানা-পুলিশ উদ্ধার অভিযান চালায়।
বৃহস্পতিবার দুপুরে মোবাশ্বিরের লাশ উদ্ধার করা সম্ভব হলেও মারুফের সন্ধান মেলেনি। ‎ ‎উদ্ধারকারী দলের ধারণা, মারুফ নৌকার ভেতরে আটকে থাকতে পারেন। এ কারণে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। ‎ ‎জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক জানান, উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে উদ্ধারকাজ চালিয়েছে। বৃহস্পতিবারের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে নৌকা উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। ‎
এদিকে মারুফের সন্ধান না মেলায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ‎ ‎

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com