স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল গ্রামের গুজাউড়া নামক স্থানে পৌরসভার ব্যবহৃত ময়লা-আবর্জনার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মোল্লাপাড়া ও কুরবাননগর ইউনিয়নবাসী।
শনিবার (২২ নভেম্বর) গুজাউড়ার সুনামগঞ্জ পৌরসভার ময়লা আবর্জনার ভাগাড়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভাগাড়টি অপসারণের দাবিতে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল লতিফ, সহকারী অ্যাটর্নি জেনারেল জয়নুল ইসলাম রুবেল, সহকারী সরকারি কৌসুলি অ্যাডভোকেট তায়েফ আল মাসুদ, বুড়িস্থল গ্রামের বাসিন্দা জমিল হক, স্কুল ছাত্র রেদোয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের মানুষ।
এ সময় বক্তারা বলেন, আমরা এই রাস্তা দিয়ে দুইটি ইউনিয়নের মানুষ যাতায়াত করি। দুর্গন্ধের এই সড়ক দিয়ে চলাচল করতে দম বন্ধ হয়ে আসে। এই ময়লার ভাগাড় অপসারণ না করলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো। বক্তারা বলেন, এর আগেও আমরা আরো দুইবার মানববন্ধন করেছি। আমরা গত বছরও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। এখন পর্যন্ত আমরা এর কোন সমাধান পাইনি। আমরা এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে অতি দ্রুত এর প্রতিকার চাই।