স্টাফ রিপোর্টার ::
বিভিন্ন অ্যাপস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-এর ব্যবহার নিয়ে তরুণ-তরুণীদের নিয়ে দিনব্যাপী আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের সচেতন নাগরিকদের সংগঠন জনউদ্যোগের আয়োজনে ও আইইডি’র সহযোগিতায় বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল আইসিটি ল্যাবে সকাল ৯টায় এই প্রশিক্ষণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। এসময় অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন আইইডির জ্যেষ্ঠ সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, জনউদ্যোগের জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুল।
প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন তরুণ-তরুণী ছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য জাহাঙ্গীর আলম, বুরহান উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।
সভায় বক্তারা বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের এই সময়ে ডিজিটাল জগতের বাস্তবতায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতার বিকল্প নেই। ডিজিটাল জগতের মহাসমুদ্রে ভালো জিনিসের পাশাপাশি অনেক বিপদ এবং ফাঁদও রয়েছে। এজন্য সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে। ভালো কিছু গ্রহণ করার সঙ্গে খারাপগুলোও বর্জন করার কৌশল শিখতে হবে। এজন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের টেকনিক, আইনকানুন, নীতিমালা সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে। কোনটা মিথ্যা, ভুয়া, গুজব, অপপ্রচার এসব চিহ্নিত করার দক্ষতা অর্জন করতে হবে। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে সে দক্ষতা অর্জন করতে পারবে। এখন বাস্তব জীবনে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান তোমাদেরকে কাজে লাগাতে হবে, তবেই এ প্রশিক্ষণের সার্থকতা হবে।