স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনকে কেন্দ্র করে সরকারি বরাদ্দের অর্থ বণ্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মেলায় অংশ নেওয়া স্টল মালিকদের দাবি, ৩০টি স্টলের বিপরীতে বরাদ্দ ছিল দুই লক্ষ টাকা, কিন্তু বাস্তবে মেলায় স্থাপিত হয় মাত্র ২৫টি স্টল। সেই ২৫টি স্টল মালিকদের দেওয়া হয়েছে মাত্র ১৪শ থেকে ১৮শ টাকা করে - যা বরাদ্দের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
উদ্যোক্তাদের অভিযোগ, অতিরিক্ত স্টল দেখিয়ে এবং প্রকৃত স্টল মালিকদের কম টাকা প্রদান করে বরাদ্দের সিংহভাগ অর্থ আত্মসাৎ করা হয়েছে। নছর মিয়া, সবুজ মিয়া, আয়েশা ও সাইদুল ইসলাম নামের কয়েকজন উদ্যোক্তা জানান, তারা যথাক্রমে ১৪শ, ৫শ, ১৪শ ও ১৪শ টাকা পেয়েছেন।
স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সরজমিনে গিয়ে ৩০টি স্টলের অস্তিত্ব পাননি। এতে প্রাণিস¤পদ বিভাগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. এমদাদুল হক বলেন, “বরাদ্দ দুই লক্ষ টাকা। তবে আমি এখন কাগজ দেখাতে পারবো না। রেজুলেশন হওয়ার পর দেখাতে পারবো।” তার এই অস্পষ্ট বক্তব্য বরাদ্দের সঠিক হিসাব নিয়ে আরও প্রশ্ন তৈরি করেছে।
স্থানীয় উদ্যোক্তারা বলছেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। তাই স্টল সংখ্যা, বরাদ্দের তালিকা, খরচের বিবরণসহ সব তথ্য প্রকাশ করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।