মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার গাছতলা বাজারের জান্নাত অটো হাউজের ভেতর থেকে গত শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে একটি ইজিবাইকসহ দুইজন ব্যক্তিকে আটক করেন স্থানীয় লোকজন।
ধর্মপাশা থানার এসআই সাইফুল ইসলাম বলেন, গত বৃহ¯পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার বাড্ডা থানাধীন একটি গ্যারেজ থেকে ইজিবাইক চুরি হয়। এই চুরি হওয়া ইজিবাইকটি গত শনিবার বিকেল তিনটার দিকে বিক্রির জন্য ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে এনে জান্নাত অটো হাউজের ভেতরে রাখা হয়। এটি বিক্রি করার চেষ্টা করলে বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় লোকজন এটি চুরি হওয়া ইজিবাইক বলে ধারণা করেন। পরে এ ঘটনায় জড়িত গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের সাগর মন্ডল (২৮) ও তার সহযোগী ধর্মপাশা উপজেলার কুর্শিবাড়ী গ্রামের এন্টাস মিয়া (২৭)কে আটক করেন। খবর পেয়ে ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার ও এই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার বিকেলে তাদের দুজনকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।