স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশের অভিযানে ৩১টি ভারতীয় গরুবোঝাই একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জয়নগর লঞ্চঘাট এলাকায় সুরমা নদী থেকে নৌকাটি আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান। অভিযানে আরও অংশ নেন সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদেমুল ইসলাম খাদেমসহ সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা হলেন আশিক আলী (২২) ও আনসার আলী (২৪)। তারা উভয়েই দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের কাইগাঁও গ্রামের বাসিন্দা এবং চেরাগ আলীর ছেলে।
পুলিশ জানায়, ফারুক আলী নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই অবৈধ গরু পাচারের সঙ্গে জড়িত। তিনি দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থান থেকে ভারতীয় গরুগুলো সংগ্রহ করে ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বাজারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নৌকাসহ গরুগুলো জব্দ করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, মঙ্গলবার বিকেলে জয়নগর এলাকার সুরমা নদী থেকে ৩১টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যক্তিকে পুলিশের হফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।