শোকসভায় বক্তারা

রমেন্দ্র কুমার দে কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি

আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১১:২৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১১:২৩:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের অগ্রদূত রমেন্দ্র কুমার দে মিন্টুর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ, বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদ, জেলা নাগরিক প্লাটফর্ম (রূপান্তর) ও সুনামগঞ্জ জনউদ্যোগ-এর আয়োজনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ উদীচী’র সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক সঞ্চিতা চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি সুখেন্দু সেন, বিশিষ্ট সমাজসেবক বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, কবি কুমার সৌরভ, মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমেদ, প্রয়াত রমেন্দ্র কুমার দে মিন্টুর পরিবারের সদস্য রাহুল দে পাপলু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ যুব ইউনিয়নেন সভাপতি মো. আবু তাহের, জেলা খেলাঘর আসরের সাধারণ স¤পাদক রাজু আহমদ, সুনামগঞ্জ উদীচী সাধারণ স¤পাদক জহির উদ্দিন, রূপান্তরের জেলা সমন্বয়কারী লাভলী সরকার লাবণ্য প্রমুখ। শোকসভায় জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক ও সুধীজন অংশগ্রহণ করেন। শোকসভার শুরুতে প্রয়াত রমেন্দ্র কুমার দে মিন্টুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভায় বক্তারা বলেন, রমেন্দ্র কুমার দে মিন্টু ছিলেন সুনামগঞ্জের প্রগতিশীল আন্দোলনের এক অনন্য নাম। আজীবন তিনি অন্যায়, বৈষম্য ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বক্তারা স্মৃতিচারণ করে বলেন, রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক জাগরণ ও সামাজিক সচেতনতা তৈরিতে রমেন্দ্র কুমার দে মিন্টুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই মানুষটি গণতান্ত্রিক অধিকার, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন। সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা, সাহিত্যচর্চা ও সামাজিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। শোকসভায় বক্তারা আরও বলা হয়, রমেন্দ্র কুমার দে মিন্টু ছিলেন একজন নির্ভীক ও আপসহীন ব্যক্তিত্ব। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। ব্যক্তিগত জীবনে ছিলেন সাদাসিধে, কিন্তু আদর্শে ছিলেন দৃঢ় ও অটল। রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও সবাই তাঁর সততা, মানবিকতা ও নেতৃত্বগুণের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ একটি অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারাল। বক্তারা বলেন, বর্তমান সময়ে যখন সমাজে অসহিষ্ণুতা ও বিভাজন বাড়ছে, তখন রমেন্দ্র কুমার দে মিন্টুর মতো মানুষদের আদর্শ আরও বেশি প্রয়োজন। তাঁর দেখানো পথে চললে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব। তাঁকে স্মরণ করা মানে শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং ভবিষ্যতের জন্য দায়বদ্ধ হওয়া।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com