স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের প্রেসবিটারীয়ান চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শহরের প্রেসবিটেরিয়ান গির্জায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গির্জার সভাপতি প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস। গির্জার সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন সিভিল সার্জন ডা. সৈয়দ মনোওয়ার আলী, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়।
বক্তারা বলেন, বড়দিন শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের নয়, এটি শান্তি ও মানবতার উৎসব। যিশু খ্রিষ্টের অহিংসা ও ভ্রাতৃত্বের বাণী সমাজে শান্তি প্রতিষ্ঠায় আজও প্রাসঙ্গিক। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা সুনামগঞ্জে সকল ধর্মের মানুষ মিলেমিশে এই উৎসব পালন করা একটি অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে সমবেত প্রার্থনা শেষে কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উৎসবকে ঘিরে গির্জা প্রাঙ্গণ আলোকসজ্জায় সজ্জিত করা হয়।