ছাতক প্রতিনিধি ::
ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যপ্রবাসী যুবক আব্দুল মাহিম (২৮) মারা গেছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মাহিম ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের হাজী আরশদ আলীর ছেলে।
জানা যায়, গত ২৩ ডিসেম্বর রাতে নিজ বাসভবনে ফেরার পথে মোটরসাইকেলযোগে যাত্রাকালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্র জানায়, মাহিম গত ১৩ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহ পালন করেন। উমরাহ শেষে ১৮ ডিসেম্বর দেশে ফিরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। স্বল্প সময়ের এই দেশে থাকার মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার প্রাণ ঝরে যায়। মাহিম ছিলেন অত্যন্ত মিশুক, ভদ্র ও প্রাণবন্ত একজন মানুষ। প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের সঙ্গে তার ছিল গভীর সম্পর্ক ও যোগাযোগ। দেশের প্রতি অগাধ ভালোবাসা থেকেই তিনি প্রতি বছর দেশে আসতেন বলে জানান স্বজনরা। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ, যেখানে অসংখ্য মানুষ শোক প্রকাশ করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। একজন সম্ভাবনাময় তরুণের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় চলছে শোকের মাতম।