স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ৩ হাজার শিশুর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। রবিবার দুপুর ১টায় সুনামগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল। তিনি বলেন, প্রতিটি শিশুর সঠিকভাবে যতœ নেওয়া অত্যন্ত জরুরি। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে পরিবার ও সমাজ উপকৃত হবে। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পিছিয়ে পড়া শিশুদের সমাজে সমান গুরুত্ব দিতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যমান উন্নয়নে বিভিন্ন সামাজিক ও বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। এসব উদ্যোগের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে।
ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এপি’র ম্যানেজার স্টিপ তাপস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অলি উল্লাহ এবং সদর উপজেলা স্কাউটসের সাধারণ স¤পাদক মো. বুরহান উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের সিনিয়র প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, আশুতোষ রেমা, দীপঙ্কর জো, স্পন্সরশিপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার প্যাট্রিশিয়া রিসিল, সুরমা শিশু ফোরামের সহ-সভাপতি সৈয়দা জেরিন প্রমুখ।