মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামে মঙ্গলবার রাতে যৌথভাবে অভিযান চালিয়ে সালমান মিয়া (২৬) ও মো. রুস্তম আলী (৩৫) নামের দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ।
মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম জানান, উপজেলার বাঙালভিটা সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলা ও চোরাচালানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০জনকে আসামি করে গত বছরের ৩০ সেপ্টেম্বর মধ্যনগর থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তেপ্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলার ব্যশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা সালমান মিয়া ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের বাসিন্দা মো. রুস্তম আলীকে মঙ্গলবার রাত ৮টার দিকে যৌথভাবে অভিযান চালিয়ে নিজ নিজ বসতঘরের ভেতর থেকে এই দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।