স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজার সংলগ্ন চরমহল্লা খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোল্লাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সামছ উদ্দিন। তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা ও রাস্তা-ঘাটের উন্নয়ন নিশ্চিত করা হবে। কুরবাননগর ও মোল্লাপাড়া ইউনিয়ন দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে এসব ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
সামছ উদ্দিন বলেন, বর্তমানে দেশের মানুষ নির্যাতিত ও নিপীড়িত। মানুষ দেশের ও মানুষের জীবনমানের পরিবর্তন চায়। আমরাও সেই পরিবর্তনের জন্য আপনাদের সেবায় বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তাই ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তত একবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। ইনশাল্লাহ, আমরা সৎ ও সঠিক পথে থেকে আপনাদের সেবায় নিবেদিত থাকব। এ সময় তিনি সকলের দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, মাওলানা মাহমুদুর রহমান দিলোয়ার, সদর উপজেলা সেক্রেটারি সোলেমান হক চৌধুরী, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুন এবং পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক।
সভা পরিচালনা করেন মোল্লাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সাইফুর রহমান।