স্টাফ রিপোর্টার ::
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংঘাতমুক্ত নির্বাচনের দাবিতে সুনামগঞ্জ শহর ও বিশ্বম্ভরপুর উপজেলায় লিফলেট বিতরণ করেছে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর পিএফজি। রবিবার সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে পশ্চিমবাজার, সুরমা মার্কেট, বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় বাজার, মথুরকান্দি বাজার, মুজিববাজার, আবেদিন বাজার, চিনাকান্দি বাজার, কারেন্টের বাজার, পলাশ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে বলা হয়, আসন্ন নির্বাচনে সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য দায়িত্বশীল আচরণ জরুরি বলেও লিফলেটে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, নির্বাচনী সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সহনশীলতা বজায় রাখতে হবে। বিজয়ী দলের নেতা-কর্মীদের পরাজিত দলের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে উৎসাহিত করা, ধর্মীয় বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা, ভোটার ও দলীয় কর্মীসহ সবাইকে সংঘর্ষ পরিহারে সচেতন করা প্রয়োজন।
এছাড়া নির্বাচনী আচরণবিধি ও নাগরিক দায়িত্ব সম্পর্কে নিজে সচেতন হওয়া এবং অন্যদের সচেতন করা, সহিংসতার আশঙ্কা দেখা দিলে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা, গুজব প্রতিরোধে সতর্ক থাকা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য পরিহার, সহিংসতা সৃষ্টিকারী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্য সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর পিএফজির পিস অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ, পিএফজি সদস্য নুরুল হাসান আতাহের, মুছিহুর রহমান রাসেল, মাওলানা ফয়জুন নুর ফয়েজ, কর্ণবাবু দাস, ওয়াইপিএজি সদস্য শবনম দ্দোজা জ্যোতি, তুর্য দাস, বিশ্বম্ভরপুর পিএফজির পিস অ্যাম্বাসেডর আব্দুস সাত্তার, পিএফজির সমন্বয়কারী ফুলমালা, পিএফজি সদস্য আজিজা, স্বপ্না, ফুল মিয়া, সিরাজুল ইসলাম, ওয়াইপিএজি সদস্য সামছুল কবির, আসমা আক্তার, তাইবা আক্তার, সুইটি পাল, সাগর দেবনাথসহ অন্যান্য সদস্য।