স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ফসলরক্ষা বাঁধ নির্মাণে নিয়োজিত ১৬ নম্বর পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি জাহাঙ্গীর আলমকে এক লাখ টাকা অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন হিজল-করচবাগ এলাকায় অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে দেখা যায়, ফসলরক্ষা বাঁধ নির্মাণের নাম ব্যবহার করে সংশ্লিষ্ট পিআইসি সভাপতি হিজল-করচবাগ এলাকা থেকে অবৈধভাবে মাটি কর্তন করছেন। অভিযানকালে অভিযুক্ত জাহাঙ্গীর আলম অবৈধভাবে মাটি কর্তনের বিষয়টি স্বীকার করেন। এ অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় তাকে এক লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়। পাশাপাশি অবৈধভাবে কর্তনকৃত মাটি নির্ধারিত ও সঠিক স্থানে পুনঃস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে পানি উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধি ও তাহিরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু জানান, পরিবেশ ও প্রাকৃতিক স¤পদ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হওয়ায় এর পরিবেশ, বাস্তুসংস্থান ও ভূমির সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।