স্টাফ রিপোর্টার ::
হাওরের নিসর্গ, মানুষের হৃদয়ের আর্তি আর স্রষ্টার সন্ধানে আজীবন পথচলা বাউল সাধক শাহ আব্দুল করিম - যাঁর গান আজও বাংলার মানুষের প্রাণে বেঁচে আছে। তাঁর স্মৃতিকে ধারণ করে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গানের সুর, স্মৃতিচারণ আর দর্শনের আলোচনায় যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছিলেন এই মহান বাউল সাধক।
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাভেল, গবেষক সুবাস উদ্দিন, শ্রাবন্তী পুরকায়স্থ, মঞ্জু তালুকদার, শিল্পী সোহেল রানা এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান। আলোচনা সভা সঞ্চালনা করেন শিক্ষক ও শিল্পী সন্তোষ কুমার চন্দ এবং সংগীতানুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী তপন কর।
আলোচনা সভায় বক্তারা বলেন, শাহ আব্দুল করিম ছিলেন কেবল একজন বাউল শিল্পী নন, তিনি ছিলেন মানুষের মনের ভাষার অনুবাদক। তাঁর গান সমাজের অসাম্য, মানুষের দুঃখ-কষ্ট, প্রেম ও আধ্যাত্মিকতার গভীর সত্যকে সহজ ভাষায় তুলে ধরেছে। তাঁর সৃষ্ট গান মানুষের মনে জাগিয়েছে প্রেরণা, দিয়েছে আত্মোপলব্ধির পথের দিশা।
বক্তারা আরও বলেন, আব্দুল করিমের গান শুধু বিনোদনের জন্য নয়, বরং তা মানুষের আত্মিক জাগরণের মাধ্যম। তাঁর গানে ইহকাল ও পরকালের ভাবনা, ¯্রষ্টার সন্ধান এবং মানবপ্রেমের যে গভীর দর্শন উঠে এসেছে, তা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে করেছে আরও সমৃদ্ধ। জীবদ্দশায় তিনি যে অসংখ্য গান রচনা করেছেন, সেগুলো আজ দেশ-বিদেশে সমানভাবে সমাদৃত এবং বাংলা লোকসংগীতের অমূল্য স¤পদ হিসেবে বিবেচিত।
আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। একে একে শিল্পীরা পরিবেশন করেন শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান। সুরের মূর্ছনায় মিলনায়তনজুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। দর্শক-শ্রোতারাও গুনগুন করে গেয়ে ওঠেন প্রিয় সেই গান।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে শাহ আব্দুল করিমের জীবন, দর্শন ও সংগীতকে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন। তাঁরা মনে করেন, এ ধরনের অনুষ্ঠান বাঙালির লোকসংস্কৃতিকে সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাওরের মাটি থেকে উঠে আসা এই মহান সাধক তাঁর গানে যে মানবতার বাণী রেখে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। সময়ের ব্যবধানে মানুষ বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু শাহ আব্দুল করিমের গান এখনও মানুষের হৃদয়ে আলো জ্বালায়- প্রেম, মানবতা আর ¯্রষ্টার সন্ধানের এক অনন্ত পথের দিশা হয়ে।