স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের লঞ্চঘাট-পূর্বইব্রাহীমপুর খেয়াঘাট এলাকায় নির্মাণাধীন যাত্রী ছাউনি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। রোববার দুপুরে তিনি সরেজমিনে গিয়ে নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বণিক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম কয়েস, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া বলেন, লঞ্চঘাট এলাকাকে শহরের অন্যতম পরিবেশবান্ধব ও নান্দনিক স্থানে রূপান্তর করা হবে। সুন্দর ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর উপযোগী একটি আধুনিক স্পট হিসেবে এটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, লঞ্চঘাট এলাকাকে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন রাখতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কোনো ধরনের অবৈধ বা অনৈতিক কর্মকা- বরদাশত করা হবে না। এলাকাটি ময়লা-আবর্জনা ও দুর্গন্ধমুক্ত রাখতে স্থানীয়দেরও ভূমিকা রাখতে হবে। নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারির ব্যবস্থা থাকবে বলেও তিনি জানান।