স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তিনটি গ্রামের ৯৫৪টি পরিবারের ওপর জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ৭৮৫টি পরিবারের তথ্য চূড়ান্ত করে সার্ভারে জমা দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন দিরাই উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার।
জানা গেছে, জেলার ১২ উপজেলার মধ্যে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামকে ফ্যামিলি কার্ড প্রদানের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এসব গ্রামের মোট ৯৫৪টি পরিবারে জরিপ চালানো হয়। পরবর্তীতে তথ্য যাচাই-বাছাই শেষে ৭৮৫টি পরিবারের তথ্য সার্ভারে আপলোড করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে ওই তিন গ্রামে বিভিন্ন সরকারি ভাতার আওতায় উপকারভোগী রয়েছেন। বয়স্ক ভাতা পাচ্ছেন ১৭৩ জন, বিধবা ভাতা ৮৬ জন, প্রতিবন্ধী ভাতা ৭০ জন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউভি কর্মসূচির চাল পাচ্ছেন ৩৪ জন এবং খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল পাচ্ছেন ৪১ জন।
সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার জানান, দফায় দফায় তিনটি গ্রামে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত তথ্য জমা দেওয়ার সময়সীমা ছিল। যাচাই শেষে ৭৮৫টি পরিবারের তথ্য সার্ভারে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে জানা গেছে।