স্টাফ রিপোর্টার::
ঈদের দিন নানার বাড়ি যাওয়া হলনা দশ বছরের শিশু সুফিয়ার। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদী পাড়াপাড়ের খেয়া নৌকা ডুবে সুফিয়ার সলিল সমাধি হয়েছে।
ঈদের আনন্দের পরিবর্তে শিশু সুফিয়ার মৃত্যুতে তার পরিবারসহ এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছাঁয়া।
শনিবার( ২১ মার্চ) বিকাল ৪ টায় উপজেলার লাউড়েরগড় বাজার থেকে জনপ্রিয় পর্যটন স্পষ্ট শিমুল বাগানে যাওয়ার খেয়া নৌকা ডুবে ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ১০ জন।
নিহত সুফিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় চৌরাস্তা গ্রামের ছতু মিয়ার মেয়ে।
নিহত সুফিয়ার চাচা হারুন রশীদ জানান, সুফিয়া একাই শিমুল বাগান সংলগ্ন মানিগাঁও গ্রামে তার নানার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল।
স্থানীয় এলাকাবাসীর জানান,আজ ঈদের দিন। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিমুল বাগান, বারিক্কার টিলা,নীলাদ্রি লেকে ঘুরতে আসা পর্যটকদের আগমন অনেক বেশি হয়। এসময় তাড়াহুড়ো করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে লাউড়েরগড় বাজার ঘাট থেকে শিমুল বাগানের উদ্দেশ্যে খেয়া নৌকাটি ছেড়ে যায়। যাদুকাটা নদীর মাঝামাঝি যাওয়ার পর খেয়া নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। এ সময় খেয়া নৌকায় থাকা লোকজনের চিৎকারে স্থানীয় এলাকাবাসী নৌকা নিয়ে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করলেও যাদুকাটার পানিতে ডুবে যায় শিশু সুফিয়া। পরে স্থানীয়রা আধা ঘন্টা পর সুফিয়ার নিথর দেহ উদ্ধার করে।
তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম বলেন,নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন থাকায় শিমুল বাগানে আসা অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে খেয়া নৌকাটি ডুবে যায়। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।