স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের কিচেন মার্কেটের দ্বিতীয় তলার দীর্ঘদিনের দুরবস্থায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, মার্কেটটির দ্বিতীয় তলা ময়লা-আবর্জনায় ভরে গেছে এবং সেখানে নানা অসামাজিক কার্যকলাপেরও বিস্তার ঘটেছে, যা ব্যবসার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে মার্কেটটির দ্বিতীয় তলাকে ব্যবসার উপযোগী করে গড়ে তোলার দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু একাধিকবার পৌর কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
কাঁচাবাজার সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুমন মিয়া বলেন, প্রায় দেড় বছর ধরে একই অবস্থা বিরাজ করছে। আমরা একাধিকবার পৌর কর্তৃপক্ষের কাছে গিয়েছি, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সমিতির পক্ষ থেকে টাকা দেওয়ার পরও উন্নয়নের কোনো কাজ হয়নি। দ্রুত সংস্কার না হলে ব্যবসায়ীদের নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবো।
তিনি আরও বলেন, মার্কেটের বর্তমান নাজুক পরিস্থিতিতে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে এবং এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালি কৃষ্ণ পাল বলেন, পৌর প্রশাসকদের বারবার বদলির কারণে উন্নয়ন কাজে কিছুটা বিঘœ ঘটেছে। তবে খুব শিগগিরই কিচেন মার্কেটের দ্বিতীয় তলা সংস্কার করে ব্যবসার উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে।