স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারের আঙ্গুর মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে বিএনপি নেতা মোহাম্মদ আলীকে হত্যার চেষ্টা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং বিএনপি নেতা আব্দুল মমিনসহ এলাকার সালিশ ব্যক্তিদের মানহানির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের মুক্তারপাড়াস্থ সুনামকণ্ঠের কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বিএনপি নেতার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আব্দুল মমিন বলেন, তিনি পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আমৃত্যু সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিকবার মামলা ও হামলার শিকার হয়েছেন। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী এবং প্রায় ৪০ বছর ধরে পাথারিয়া বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন।
তিনি জানান, গত ২২ মার্চ সন্ধ্যায় পাথারিয়া বাজারে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার চাচাতো ভাই বিএনপি নেতা মোহাম্মদ আলীর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। এ সময় তার বাড়িঘর ভাঙচুর ও ব্যাপক লুটপাট করা হয়। অভিযোগ করা হয়, সুতারগাঁও এলাকার আঙ্গুর মিয়া ও তার লোকজন এ হামলায় জড়িত।
আব্দুল মমিন আরও বলেন, ঘটনার কয়েকদিন আগে আঙ্গুর মিয়ার ভাগ্নে জাবেদ পাথারিয়া গ্রামের লোকজনকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালাগাল করেন। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বিরোধ সৃষ্টি হলে তিনি বিষয়টি সমাধানে সালিশের উদ্যোগ নেন। কিন্তু ঘটনার দিন সালিশ না মেনে আঙ্গুর মিয়ার লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলায় লিপ্ত হয়। এতে মোহাম্মদ আলীসহ কয়েকজন গুরুতর আহত হন। মোহাম্মদ আলীর গলা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত করা হলে তিনি বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া সম্প্রতি আঙ্গুর মিয়া ও তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার করছেন বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আঙ্গুর মিয়া ও তার লোকজনের এসব কর্মকা-ের তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা ও স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, গ্রাম পঞ্চায়েত প্রধান তারা মিয়া, আব্দুল কাহার, জাবেদ মিয়া প্রমুখ।