স্টাফ রিপোর্টার ::
সম্প্রতি টানা বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের বিভিন্ন হাওর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে ফসলরক্ষা বাঁধ বা ক্লোজার কেটে পানি নিষ্কাশনের প্রবণতা দেখা যাচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, কারিগরি মতামত ব্যতীত এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে ফসলরক্ষা কার্যক্রমকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
জানা যায়, হাওর অঞ্চলে অকাল বন্যা ও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অনেক কৃষিজমিতে পানি জমে থাকায় কৃষকরা তাৎক্ষণিক সমাধান হিসেবে বাঁধ কাটার উদ্যোগ নিচ্ছেন। এতে সাময়িকভাবে পানি নামলেও পরবর্তীতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে।
এ বিষয়ে রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, বৃষ্টিপাতের কারণে হাওরের বিভিন্ন জায়গায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনসাধারণ ফসলরক্ষা বাঁধ/ক্লোজার কেটে দেওয়ার উদ্যোগ নিচ্ছে। কারিগরি মতামত ব্যতীত এ ধরনের পদক্ষেপ পরবর্তীতে ফসল রক্ষার কার্যক্রমকে অধিকতর ঝুঁকির মধ্যে ফেলতে পারে। কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/কৃষি অফিসার/পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী /জেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। বিনা অনুমতিতে বাঁধ কাটা সম্পূর্ণভাবে বেআইনি এবং দ-নীয় অপরাধ, এ ধরনের কাজে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।